ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’র উদ্যোগে শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম নগরী সংলগ্ন পঙ্খিরাজ নদীর সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে স্থানীয় শিক্ষক, কবি, লেখক, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সংগঠনটির আহ্বায়ক কবি, প্রাবন্ধিক ও সংস্কৃতিকর্মী শাহেদ কায়েসের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ঐতিহাসিক পানাম নগরীকে ঘিরে সোনারগাঁয়ের বিস্তৃত অঞ্চলে একসময় পঙ্খিরাজ নদীর প্রবাহ ছিল, যা বর্তমানে পঙ্খিরাজ খাল নামে পরিচিত। এই নদীপথ ব্যবহার করেই প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ থেকে প্রাচ্য ও পাশ্চাত্যে বিশ্বখ্যাত মসলিন কাপড় রপ্তানি করা হতো। বর্তমানে দখল ও ভরাটের কারণে ঐতিহ্যবাহী এ নদীটি অস্তিত্ব সংকটে পড়েছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, অবৈধ দখল ও ভরাটের ফলে সোনারগাঁয়ের বিভিন্ন খাল ও জলাশয় হারিয়ে যাচ্ছে, যার কারণে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়ছেন।

তারা দ্রুত পঙ্খিরাজ নদীসহ অন্যান্য খাল ও জলাশয় পুনঃখনন করে সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা মো. মতিউর রহমান, সোনারগাঁও পরিক্রমার প্রধান সম্পাদক আরিফুর রহমান, উদীচী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান শামসুর রহমান, একাত্তর টেলিভিশনের সোনারগাঁ প্রতিনিধি শেখ ফরিদ, লেখক ও সাংবাদিক গাজী মোবারক, দেশ বার্তা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি এরশাদ হোসেন (অন্য) এবং সাহিত্য নিকেতনের নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবীসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *