ঈদে আসছে নাজনীন হাসান খানের নতুন নাটক ‘প্রণয়ের অমল কাব্য’

স্বাধীন সংবাদ বিনোদন:

ঈদুল ফিতর উপলক্ষে নির্মাতা নাজনীন হাসান খান নিয়ে আসছেন নতুন নাটক ‘প্রণয়ের অমল কাব্য’। নাটকটি রচনা করেছেন অর্পনা রানী রাজবংশী। প্রেম, লোভ, বিশ্বাসঘাতকতা ও মানবিক সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি ইতোমধ্যেই দর্শকমহলে কৌতূহল তৈরি করেছে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবলী নোমান, সুমাইয়া অর্পা, মাসুদ মহিউদ্দিন, সাইকা আহমেদ, ফরিদ হোসাইন, কাঁকন চৌধুরী, ক্লিন্টন রোজারিওসহ আরও অনেকে।

নির্মাতা নাজনীন হাসান খান বলেন, মানুষের চাওয়া-পাওয়ার শেষ নেই। অনেক সময় মানুষ যা চায় ভুল করে চায়, আর যা পায় তা আর চায় না। নাটকের কেন্দ্রীয় চরিত্র দীপিকার জীবনেও ঠিক এমনই এক জটিল বাস্তবতা তুলে ধরা হয়েছে। মানুষের লোভ-লালসাই একসময় তার জীবনের বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়।

গল্পকার অর্পনা রানী রাজবংশী বলেন, পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যার চাওয়া-পাওয়ার কোনো শেষ নেই। নাটকের প্রতিটি চরিত্রই কোনো না কোনোভাবে লোভের বশবর্তী। তারা মনে করে টাকা-পয়সাই জীবনের সবকিছু, অথচ মৃত্যু শেষে কেউই কিছু নিয়ে যেতে পারে না—এই বাস্তবতাই গল্পে তুলে ধরা হয়েছে।

নাটকের গল্পে দেখা যায়, অভাবের তাড়নায় তিন বন্ধু আবির, রতন ও রিপন জীবিকার সন্ধানে গ্রাম ছেড়ে ঢাকায় আসে। কাজ না পেয়ে তারা শেষ পর্যন্ত প্রতারণার পথ বেছে নেয়। এক পর্যায়ে তাদের পরিচয় ঘটে রহস্যময়ী সুন্দরী দীপিকার সঙ্গে।

একই সঙ্গে তিন বন্ধু একে অপরের অজান্তে মোবাইলে দীপিকার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, যা ধীরে ধীরে প্রেমের রূপ নেয়। অন্যদিকে দীপিকার আরেক ‘শিকার’ হয়ে ওঠে এলাকার কুখ্যাত মাস্তান মাহফুজ।

পরিস্থিতি জটিল হতে শুরু করলে তিন বন্ধু একে অপরের ওপর সন্দেহ করতে থাকে। বিশ্বাসে ফাটল ধরে এবং তারা অর্থ-সম্পদ নিরাপদে রাখার জন্য দীপিকাকেই বেছে নেয়। ঠিক তখনই দীপিকা তিনজনকে একই দিনে বিয়ে করার প্রস্তাব দেয়, যার পর থেকেই গল্প মোড় নেয় চমকপ্রদ ও নাটকীয় এক নতুন দিকে।

লোভ, সম্পর্ক ও প্রতারণার এই টানাপোড়েন নিয়েই নির্মিত ‘প্রণয়ের অমল কাব্য’ ঈদে দর্শকদের জন্য ভিন্নধর্মী এক অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *