সুন্দরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ২

মোঃ মহিবুল্লাহ মেহেদী
সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর দুলাল গ্রামের বাদল মিয়া (২২) এবং সীচা ফকিরপাড়া এলাকার মঞ্জু মিয়া (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ জুন) গভীর রাতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজার নেতৃত্বে একটি দল চণ্ডিপুর ইউনিয়নের সীচা খামার এলাকা ও চণ্ডিপুর বাজারে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় তাদের কাছ থেকে প্রায় ২০ গ্রাম শুকনা গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকসহ তাদের আটক করে পুলিশ।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধার হওয়া মাদক স্থানীয় মাদকসেবীদের কাছে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলেও ধারণা করা হচ্ছে।

কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *