মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের পরিবেশ উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবার মান বাড়াতে প্রশাসনের উদ্যোগ অব্যাহত রয়েছে। দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে জমে থাকা অব্যবহৃত ও অপ্রয়োজনীয় মালামাল অপসারণের কাজ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে রোগীদের জন্য নিরাপদ পানি সরবরাহ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, জেলা প্রশাসক মো. রায়হান কবির, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিভিল সার্জন বলেন, হাসপাতালের অব্যবহৃত মালামাল অপসারণের ক্ষেত্রে সরকারি বিধি-বিধান অনুসরণ করে সব ধরনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বিক্রয়যোগ্য সামগ্রী যথাযথ প্রক্রিয়ায় বিক্রি করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকা ধ্বংসযোগ্য ও পরিত্যক্ত মালামাল সরিয়ে ফেলা হয়েছে। হাসপাতালের রান্নাঘরসহ বিভিন্ন স্থানে জমে থাকা অপ্রয়োজনীয় জিনিসপত্র অপসারণের ফলে হাসপাতাল চত্বর এখন অনেক বেশি পরিচ্ছন্ন ও গোছানো।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কোনো একদিনের কাজ নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। প্রতিদিনের কার্যক্রমের মাধ্যমে কীভাবে হাসপাতালের পরিবেশ আরও উন্নত করা যায়, সে বিষয়ে কাজ করা হচ্ছে। রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শনে এসে হাসপাতালের রান্নাঘরসহ বিভিন্ন স্থানের অপরিচ্ছন্ন অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন। তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে হাসপাতাল কর্তৃপক্ষ পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করে এবং বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ হাতে নেয়।
হাসপাতালে পানি সরবরাহের বিদ্যমান সমস্যার বিষয়ে সিভিল সার্জন জানান, ওভারহেড ট্যাংকে পানি ওঠানোর ব্যবস্থায় কারিগরি ত্রুটি রয়েছে। দুটি ওয়াটার পাম্পের উচ্চতার পার্থক্যের কারণে একটি ট্যাংক দ্রুত পূর্ণ হলেও অন্য ট্যাংকে পর্যাপ্ত পানি পৌঁছায় না। ফলে কিছু ওয়ার্ডে পানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, বিষয়টি দ্রুত সমাধানের জন্য গণপূর্ত বিভাগকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ ইতোমধ্যে সমস্যার সমাধানে কাজ শুরু করেছে এবং আগামী দুই দিনের মধ্যে পানি সরবরাহ ব্যবস্থার ত্রুটি দূর হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
ডা. মুশিউর রহমান আরও জানান, নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালকে একটি আধুনিক ও উন্নত স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। সম্প্রতি হাসপাতালটি থেকে দেশের ১০টি জেলার আইসিইউ সেবার উদ্বোধন করা হয়েছে, যা জেলা পর্যায়ে বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে হাসপাতালের পরিবেশ ও সেবার মানোন্নয়নে প্রশাসনের ধারাবাহিক উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবকাঠামোগত সমস্যাগুলোর সমাধান হবে এবং সাধারণ মানুষ আরও উন্নত, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা লাভ করবে।