স্বাধীন আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা না থাকলে ইসরাইল বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে ইসরাইলের নিরাপত্তা ও সামরিক সক্ষমতা অনেকটাই যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভরশীল।
সাম্প্রতিক এক বক্তব্যে ট্রাম্প বলেন, “আমার হস্তক্ষেপ না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত।”
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে উন্নত অস্ত্র ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম এবং বি-২ স্পিরিট বোমারু বিমানের মতো গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা দিয়েছে, যা দেশটির নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিজের সম্পর্কের বিষয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ইতিবাচক এবং ওয়াশিংটন ইসরাইলের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে।
ট্রাম্প বলেন, “নেতানিয়াহু, যিনি আমার সঙ্গে ভালোভাবে কাজ করেছেন, তিনিও বলবেন যে অস্ত্র আমাদের, আয়রন ডোম আমাদের দেওয়া, আর বি-২ বোমারু বিমানও আমাদের।”
তিনি আরও দাবি করেন, ইসরাইল তার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং তার পরামর্শকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “তারা আমার কথা শুনবে। তবে আমাদের নেতানিয়াহুকে কিছুটা সংযতও রাখতে হবে।”
ট্রাম্পের এ মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইসরাইলের নিরাপত্তা ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।
সূত্র: মিডল ইস্ট আই।