কামরুল ইসলাম:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জায়েদ নুর-এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোতোয়ালী থানাধীন সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মিজানুর রহমান, এএসআই সাহেদ আলীসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
গ্রেফতারকৃত আসামি হলেন নিমাই দাশ (পিতা: মৃত নির্মল দাশ), সাং- মালিপাড়া, গোয়ালপাড়া, কোতোয়ালী, চট্টগ্রাম।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত নিমাই দাশের বিরুদ্ধে একটি মাদক মামলায় সাজা পরোয়ানাসহ মোট চারটি ওয়ারেন্ট ছিল। এর মধ্যে একটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(ক) ধারায় দায়ের হওয়া মামলার জিআর সাজা পরোয়ানা এবং আরও তিনটি পৃথক মামলায় জিআর ওয়ারেন্ট কার্যকর ছিল।
বিশেষ অভিযানের সময় তাকে কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নির্মূল এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।