নিজস্ব প্রতিবেদক ::
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় টিনের চাল কেটে একটি বিকাশের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকান থেকে মোবাইল ব্যাংকিংয়ের ২ লাখ ৭০ হাজার টাকা চুরি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
এ ঘটনায় থানায় গেলে প্রথমে তাকে সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন ভুক্তভোগী। তবে পুলিশ বলছে, চুরির ঘটনায় জিডি নয়, সরাসরি মামলা নেওয়ার বিধান রয়েছে।
ভুক্তভোগী দোকান মালিক মো. মোস্তাকিম জানান, ২৬ জুন রাতে দোকান বন্ধ করে বাসায় যান। পরদিন ২৭ জুন সকালে দোকান খুলতে এসে দেখেন, দোকানের টিনের চাল কাটা এবং ভেতরে থাকা মোবাইল ব্যাংকিংয়ের ২ লাখ ৭০ হাজার টাকা চুরি হয়ে গেছে।
দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৭ জুন রাত ৩টা ৩৮ মিনিট ৪০ সেকেন্ডে ফুলহাতা শার্ট ও প্যান্ট পরা এক যুবক টিনের চাল কেটে দোকানে প্রবেশ করে। পরিচয় গোপন রাখতে সে গামছা দিয়ে মুখ ঢেকে রেখেছিল। এরপর ৩টা ৩৯ মিনিট ৩৩ সেকেন্ডে দোকানের সিসিটিভি ক্যামেরার দিক ঘুরিয়ে দেয়, যাতে তার পরবর্তী কর্মকাণ্ড রেকর্ড না হয়।
মোস্তাকিমের অভিযোগ, চুরির ঘটনা জানাতে থানায় গেলে দায়িত্বরত এসআই জাহাঙ্গীর প্রথমে তাকে জিডি করার পরামর্শ দেন এবং সার্ভারে সমস্যার কথা বলে বাইরে থেকে আবেদন লিখে আনতে বলেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করে এবং দোকানের ছবি ও ভিডিও ধারণ করে।
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, চুরির ঘটনায় জিডি নেওয়ার সুযোগ নেই; এ ধরনের ঘটনায় মামলা হওয়াই নিয়ম। বিষয়টি তিনি জেনেছেন এবং খোঁজ নিচ্ছেন বলে জানান। পাশাপাশি ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে এবং চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।