আন্তর্জাতিক ডেস্ক :
ব্রাজিলের রিও ডি জেনেরিও অঙ্গরাজ্যের মারিকা শহরের পাদ্রা দো মাকাকো পাহাড়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক পর্বতারোহী। পাহাড়ের চূড়া থেকে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়ে তার মৃত্যু হয়। ভয়াবহ এ দুর্ঘটনার মুহূর্তটি একজন সহপর্বতারোহীর ক্যামেরায় ধারণ হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ঘটে গত রোববার। ভিডিওতে দেখা যায়, পাহাড়ের চূড়া থেকে নিচে নামার সময় একটি পাথুরে অংশে লাফ দেন ওই পর্বতারোহী। কিন্তু অবতরণের সঙ্গে সঙ্গেই ভারসাম্য হারিয়ে ফেলেন। নিজেকে বাঁচাতে পাশের একটি পাথর আঁকড়ে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। মুহূর্তের মধ্যেই তিনি প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়ে যান।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, নিহত ব্যক্তির নাম সাইয়ো রোচা আগুইয়ার আরাবাল। দুর্ঘটনার আগে তিনি পাহাড়ের চূড়ায় উঠে ছবি তুলেছিলেন। পরে নিচে নামার সময় অসাবধানতাবশত নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনার শিকার হন বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় লাইসেন্স না থাকা সত্ত্বেও আরাবাল পর্বতারোহীদের একটি দলকে ওই দুর্গম এলাকায় নিয়ে গিয়েছিলেন।
স্থানীয়দের মতে, পাদ্রা দো মাকাকো পাহাড়ের চূড়াটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবুও প্রতিদিন অসংখ্য পর্যটক ও পর্বতারোহী সেখানে গিয়ে ছবি তোলেন এবং অভিযান চালান।
দুর্ঘটনার পর মরদেহ উদ্ধারে উদ্ধারকর্মীদের প্রায় চার ঘণ্টা সময় লাগে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার অভিযানে হেলিকপ্টারেরও সহায়তা নিতে হয়।
স্থানীয় সিভিল ডিফেন্স কর্মকর্তা ম্যাথিউস মৌরা জানান, উদ্ধারকারী দলকে ঘন বনাঞ্চল ও কঠিন পাহাড়ি পথ অতিক্রম করে ঘটনাস্থলে পৌঁছাতে হয়েছে। মরদেহ উদ্ধারে দড়ি ব্যবহারসহ বিশেষ উদ্ধার সরঞ্জামেরও প্রয়োজন হয়।
দুর্ঘটনার ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ পাহাড়ে নিরাপত্তাবিধি মেনে চলা এবং যথাযথ প্রশিক্ষণ ছাড়া পর্বতারোহণ না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।