মোঃআনজার শাহ
পূর্বাচল নতুন শহর প্রকল্পের নগরায়ণ প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যে আজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় রাজউক সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি। রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ প্রকল্প এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল নির্মাণের জন্য বরাদ্দপ্রাপ্ত প্লট গ্রহীতা ও তাদের প্রতিনিধিরা।
সভায় প্লট গ্রহীতারা প্রকল্প বাস্তবায়ন, অবকাঠামোগত সুবিধা ও ইউটিলিটি সংযোগ নিয়ে বিভিন্ন মতামত ও সমস্যার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পূর্বাচলকে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাসযোগ্য নগরীতে রূপান্তরের কাজ চলছে। এটিকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে, যেখানে আগামী প্রজন্ম দীর্ঘমেয়াদে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল স্থাপিত হলে এলাকায় জনবসতি বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে। এ প্রেক্ষাপটে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্লট গ্রহীতাদের নিজ নিজ স্থাপনার নির্মাণকাজ দ্রুত শুরু করার আহ্বান জানান তিনি। পূর্বাচলকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী জানান, এ লক্ষ্যে মন্ত্রণালয় ও রাজউক সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।
সভাপতির বক্তব্যে রাজউক চেয়ারম্যান পূর্বাচল প্রকল্পে পরিকল্পিত ও দ্রুত নগরায়ণ নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।