আন্তর্জাতিক ডেস্ক:
‘কেয়ারওয়েল এভিয়েশন’ নামের একটি বিমান পরিষেবা প্রতিষ্ঠানের সঙ্গে কথিত অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে ভারতের ক্ষমতাসীন পশ্চিমবঙ্গের দল তৃণমূল কংগ্রেসের একটি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে দেশটির অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংস্থাটির দাবি, ওই হিসাবে প্রায় ৪৪০ কোটি রুপি ছিল।
মঙ্গলবার কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ, রাজারহাট-নিউটাউনসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় ইডি। অভিযানের অংশ হিসেবে ‘কেয়ারওয়েল এভিয়েশন’-এর মালিকের অফিস ও বাসভবনেও তল্লাশি চালানো হয়। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ভারতের প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর আওতায় তৃণমূলের ওই ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
ইডির কর্মকর্তাদের দাবি, তদন্তে প্রায় ১৬০ কোটি রুপির সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তাদের অভিযোগ, তৃণমূলের দলীয় তহবিল থেকে এই অর্থ ‘কেয়ারওয়েল এভিয়েশন’ এবং সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই অর্থ দিয়ে একটি বিমান ও একটি অগুস্তা হেলিকপ্টার কেনে কেয়ারওয়েল এভিয়েশন। পরে সেগুলো তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ দলের শীর্ষ নেতাদের কাছেই ভাড়া দেওয়া হতো। বিষয়টি নিয়ে অর্থের অপব্যবহার ও আর্থিক অনিয়মের সন্দেহ করছে ইডি।
তবে তৃণমূল কংগ্রেস এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দলের পক্ষ থেকে এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দলের সব ব্যাংক হিসাব, অনুদান ও আর্থিক লেনদেন সম্পূর্ণ স্বচ্ছ এবং নিয়ম অনুযায়ী ভারতের নির্বাচন কমিশন ও আয়কর বিভাগকে জানানো হয়েছে। এসব তথ্য প্রতি বছর নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, দলের ব্যাংক হিসাব ফ্রিজ করার সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বেআইনি। তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে তৃণমূল। তাদের দাবি, এ ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের জন্য হুমকি।
সূত্র: সংবাদ প্রতিদিন