নীলফামারী প্রতিনিধি:
টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে বৃদ্ধি পাওয়া তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। বর্তমানে নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় নীলফামারীর তিস্তা তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৩ মিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ নদীর পানি বর্তমানে বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সোমবার রাতে পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে উঠে যায়।
পানি বৃদ্ধির কারণে সোমবার রাতেই ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে। এছাড়া জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাও প্লাবিত হতে শুরু করে।
ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন জানান, সোমবার রাতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে ওঠায় নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ে। তবে মঙ্গলবার সকাল থেকে পানি কমতে শুরু করায় প্লাবিত এলাকা থেকে ধীরে ধীরে পানি নেমে যাচ্ছে।
এদিকে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, মঙ্গলবার বেলা ১১টার পর তিস্তার পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচে নেমে এসেছে। উজানে বৃষ্টিপাত কম থাকায় আগামী কয়েক ঘণ্টায় পানির স্তর আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে। তবে পানি কমতে থাকায় আপাতত নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা কমেছে।