মোঃআনজার শাহ
কুমিল্লার বরুড়ায় মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমনের পক্ষ থেকে উপজেলার ১৫ জন অসহায় ও চিকিৎসাধীন রোগীর মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বপন। সহায়তা পেয়ে উপকারভোগী ও তাঁদের স্বজনদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁদের ভাষায়, এই সহযোগিতা শুধু অর্থনৈতিক সহায়তাই নয়, বরং কঠিন সময় পার করার জন্য নতুন করে বেঁচে থাকার সাহস ও প্রেরণাও জুগিয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম বলেন, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতির মূল দর্শন। জনাব জাকারিয়া তাহের সুমন, এমপি সবসময়ই অসহায় ও বিপন্ন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর পক্ষ থেকে প্রদত্ত এই সামান্য সহযোগিতা রোগীদের চিকিৎসা কার্যক্রমে কিছুটা হলেও সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। বরুড়ার মানুষের সুখ-দুঃখে আমরা অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বপন বলেন, জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমেই একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। জনাব জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বে বরুড়ায় সেবামূলক কার্যক্রম আরও বেগবান হচ্ছে। সমাজের বিত্তবান ও সচেতন মানুষও এ ধরনের উদ্যোগে এগিয়ে এলে অসহায় মানুষের পাশে আরও বড় পরিসরে দাঁড়ানো সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।
স্থানীয়দের মতে, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে। বরুড়ার জনপদে মানবিকতার এই আলোকধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।