Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
গ্রেপ্তারের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি - দৈনিক স্বাধীন সংবাদ

গ্রেপ্তারের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

আন্তর্জাতিক ডেস্ক  ::

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)–কে ঘিরে দমন-পীড়নের অভিযোগের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে গ্রেপ্তার হন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। পরে মুক্তি পাওয়ার আগে তিনি মোদি সরকারের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করেন।

বুধবার (২২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রাহুল গান্ধী সরকারকে শিক্ষার্থীদের প্রতি দমন-পীড়নের অভিযোগে অভিযুক্ত করে পাঁচ দফা দাবি তুলে ধরেন। তিনি নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার সময় দিল্লি পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা এবং কংগ্রেসের বেশ কয়েকজন নেতাকে আটক করে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

রাহুল গান্ধীকে ছত্রসাল স্টেডিয়ামে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে মন্দির মার্গ থানায় নেওয়া হয়। কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী থানায় গিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে সাক্ষাৎ করেন। রাত প্রায় ৯টার দিকে দুই ভাইবোনকে মুক্তি দেওয়া হয়।

আটক অবস্থায় প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন। তাঁর দাবিগুলো হলো—

  • স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
  • শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
  • শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার।
  • বিক্ষোভ দমনে সরকারের ভূমিকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা।
  • সংসদে বিষয়টি নিয়ে আলোচনা এবং দ্রুত শিক্ষা ও পরীক্ষাব্যবস্থার সংস্কার।

শিক্ষাব্যবস্থার সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, “ভারতের শিক্ষাব্যবস্থা কেন ভেঙে পড়ছে? প্রশ্নপত্র কেন বারবার ফাঁস হচ্ছে? শিক্ষা এত ব্যয়বহুল কেন? সন্তানদের পড়ানোর জন্য পরিবারগুলোকে কেন আর্থিকভাবে বিপর্যস্ত হতে হয়? এসব ন্যায্য প্রশ্ন, আর এই প্রশ্ন তোলায় কোনো ভুল নেই।”

তিনি আরও জানান, পুরো বিরোধী জোট লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষেই বিষয়টি নিয়ে আলোচনা চেয়েছিল।

শেষে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে রাহুল বলেন, “ছাত্রছাত্রীদের অধিকার রক্ষায় যারা একসঙ্গে লড়াই করছেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।”

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *