লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ফেসবুকে ঝড়, চূড়ান্ত তালিকায় বিতর্কিতদের স্থান দেওয়ায় ক্ষোভ

মো. রাসেল, স্টাফ রিপোর্টার:

বান্দরবানের লামা উপজেলায় ‘ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার’ পদে সরকারি নিয়োগে ব্যাপক অনিয়ম ও হরিলুটের অভিযোগ উঠেছে। যোগ্য ও মেধাবী প্রার্থীদের বঞ্চিত করে চূড়ান্ত তালিকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীসহ একই পরিবারের একাধিক সদস্যকে মনোনীত করার প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আজ ২৯ জুলাই ২০২৬ তারিখে লামা উপজেলাবাসীর পক্ষে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ তথ্য সংগ্রহকারী ও ছাত্রদল নেতা ইমন শরীফ এই অভিযোগপত্র জমা দেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই ২০২৬ তারিখের বিজ্ঞপ্তির আলোকে ২৮ জুলাই ২০২৬ তারিখে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে চূড়ান্ত ফলাফল প্রকাশের পর দেখা যায়, মেধার তোয়াক্কা না করে তালিকায় অর্ধেকেরও বেশি স্থান দেওয়া হয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের। শুধু তাই নয়, চরম স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে একই পরিবার থেকে একাধিক সদস্যকে চাকরির জন্য মনোনীত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, যারা বিগত জাতীয় সংসদ নির্বাচনের সময় সরকারি এই ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচার ও বিরোধিতা করেছিলেন, রহস্যজনকভাবে তাদেরই চূড়ান্ত তালিকায় প্রাধান্য দেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশের পর স্থানীয় সাধারণ জনগণ ও নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এ নিয়ে তীব্র নিন্দার ঝড় বইছে।

এ পরিস্থিতিতে সাধারণ ও যোগ্য প্রার্থীদের অধিকার রক্ষায় বিতর্কিত এই চূড়ান্ত তালিকা অবিলম্বে স্থগিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে স্বজনপ্রীতি ও রাজনৈতিক বিবেচনায় মনোনীতদের বাদ দিয়ে যোগ্য ও মেধাবীদের নিয়োগ দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জোর দাবি জানানো হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগপত্রের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, ৩০০ নম্বর বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *