রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ: জবির ৬৮ শিক্ষককে ঘিরে তদন্তে ৪ সদস্যের কমিটি

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬৮ জন শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগের সত্যতা যাচাইয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি এশিয়া পোস্ট-এ প্রকাশিত একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে উপাচার্যের নির্দেশে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহাম্মদকে কমিটির আহ্বায়ক এবং রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) মো. আব্দুল মালেককে সদস্য-সচিব করা হয়েছে। এছাড়া রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
তদন্ত কমিটিকে আগামী ১৩ আগস্ট ২০২৬-এর মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটিকে অভিযোগের সত্যতা যাচাই, অভিযুক্ত শিক্ষকদের চিহ্নিতকরণ, প্রয়োজনীয় সুপারিশ প্রদান এবং এশিয়া পোস্ট-এ প্রকাশিত সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষকরা বিগত সরকারের আমলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন বা শিক্ষার্থীদের হুমকি প্রদানে কোনো ভূমিকা রেখেছিলেন কি না, তা অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *