গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন মো. ওবায়দুর রহমান

মোঃআনজার শাহ

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ওবায়দুর রহমান। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মো. ওবায়দুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। এর পূর্বে তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বও পালন করেছেন।

মো. ওবায়দুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৫তম ব্যাচের (প্রশাসন ক্যাডার) একজন কর্মকর্তা। ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পান এবং চলতি বছরের জুন পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, মো. ওবায়দুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিসিএস ১৫তম ব্যাচের প্রশাসন ক্যাডার কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি পটুয়াখালী জেলা প্রশাসনে সহকারী কমিশনার পদে যোগদানের মাধ্যমে।

সর্বশেষ চলতি বছরের জুন মাসে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে এবার তিনি গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের সচিব হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *