নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরে ত্রিকোণ প্রেমের জেরে এক প্রবাসী যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মোহাম্মদপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।
পুলিশ জানায়, মোহাম্মদপুর লিমিটেড এলাকায় এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় কিশোর গ্যাংয়ের চার সদস্যের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন—মুন্না ওরফে ক্যাপ্টেন মুন্না, রাসেল ওরফে আন্ডা রাসেল, বিল্লাল ওরফে কালা বিল্লাল এবং গাঢ়কাটা সাইফুল। এ ছাড়া কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
এডিসি জুয়েল রানা বলেন, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে দুই কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে বিল্লাল ওরফে কালা বিল্লালকে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ‘ঘটনার নেপথ্যে মূলত ত্রিকোণ প্রেমের টানাপোড়েন রয়েছে। আসামিদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এ বিষয়ে তথ্য পাওয়া গেছে।’
পুলিশের ভাষ্য অনুযায়ী, আহত যুবক লস্কর হৃদয় কয়েক বছর আগে মোসা. হাফসা আক্তারকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর হাফসার সঙ্গে ‘ক্যাপ্টেন মুন্না’ নামে এক কিশোর গ্যাং নেতার প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে হাফসা মুন্নার সঙ্গে পালিয়ে গিয়ে তাকে বিয়ে করেন।
এর প্রায় তিন বছর পর হৃদয় সৌদি আরবে চলে যান। তবে বিদেশে যাওয়ার পরও হাফসার সঙ্গে তার যোগাযোগ অব্যাহত ছিল বলে দাবি পুলিশের। বিষয়টি জানতে পেরে মুন্না হৃদয়কে ফোন করে হাফসার সঙ্গে যোগাযোগ না করতে হুমকি দেন। এরপরও তাদের মধ্যে যোগাযোগ ছিল বলে পুলিশ জানিয়েছে।
সম্প্রতি ছুটি কাটাতে দেশে ফেরেন হৃদয়। তার দেশে ফেরার খবর পেয়ে গত সোমবার মুন্না তাকে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ। দেশে ফেরার মাত্র তিন দিনের মাথায় হামলার শিকার হন ওই প্রবাসী।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।