ক্রীড়া প্রতিবেদক:
দক্ষিণ আফ্রিকায় ত্রিদলীয় সিরিজে বল হাতে দারুণ পারফরম্যান্স করে আলোচনায় এসেছিলেন রোহানতদৌলা বর্ষণ। তবে সেই সাফল্যের পরই আবারও চোটের ধাক্কা খেয়েছেন তরুণ এই পেসার। পিঠের নিচের অংশের পুরোনো ব্যথা ফিরে আসায় তাকে নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মাত্র ২১ বছর বয়সী বর্ষণ প্রায় ১৫ মাস পিঠের নিচের অংশের চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। চলতি বছর দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফিরলেও আবারও একই ধরনের সমস্যায় পড়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকা সফর শেষে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের হয়ে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে যান বর্ষণ। কিন্তু পুরোনো চোটের কারণে সেখানে একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি।
গতকাল অস্ট্রেলিয়ার একজন চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর বর্ষণের স্ক্যান করা হয়েছে। এখন স্ক্যানের রিপোর্টের অপেক্ষা। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আরও প্রায় এক মাস বিশ্রামে থাকতে হতে পারে এই পেসারকে।
বর্ষণের বয়স কম হওয়ায় পিঠের এই ধরনের চোট নিয়ে বাড়তি সতর্ক বিসিবি। বিশেষ করে দীর্ঘ পরিসরের ক্রিকেটে লাল বলে নিয়মিত খেললে চোট আরও গুরুতর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ কারণে বিসিবির একটি সূত্র জানিয়েছে, আপাতত বর্ষণকে শুধু টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য বিবেচনা করার কথা ভাবা হচ্ছে।
দীর্ঘদিন পর চলতি বছর মাঠে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফরম্যান্স করেছিলেন বর্ষণ। এরপর এইচপি দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডেতেও নিজের সামর্থ্যের প্রমাণ দেন। সেখানে ১২টি উইকেট শিকার করে নজর কাড়েন তিনি।
তবে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি খেলতে গিয়ে আবারও পুরোনো চোটে পড়ায় বর্ষণের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে নতুন করে সতর্ক হতে হচ্ছে বিসিবিকে। তরুণ এই পেসারের ক্ষেত্রে এখন মূল লক্ষ্য দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরা এবং চোটকে দীর্ঘস্থায়ী হতে না দেওয়া।