কুমিল্লা বিভাগ নামে প্রধানমন্ত্রীর ঘোষণায় আনন্দিত দেশবাসী : মন্ত্রী এ্যানীর বক্তব্যে ব্যাথিত কুমিল্লা বাসী

মোঃআনজার শাহ

“কুমিল্লা নামেই হবে কুমিল্লা বিভাগ” লক্ষ্মীপুরের পথসভায় ঘোষণা তারেক রহমানের, নাম নিয়ে বিতর্কে এমপি অ্যানি
প্রতিবেদক প্রতিবেদন
কুমিল্লাকে পৃথক বিভাগ ঘোষণার দীর্ঘদিনের দাবি নতুন মোড় নিয়েছে ২০২৬ সালের ১৬ মে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে অনুষ্ঠিত এক পথসভায়। এই পথসভায় উপস্থিত থেকে বিভাগের নামকরণ ও বাস্তবায়ন নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব ও গৃহায়ণ-গণপূর্তমন্ত্রী। একই সময়ে ভিন্ন এক ঘটনায়, কুমিল্লা বিভাগ প্রসঙ্গে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি।

“জনগণের দাবি হলে বাস্তবায়ন হবে”—তারেক রহমান
লক্ষ্মীপুর বাজার মাঠের পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে বলেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাআল্লাহ সেটির বাস্তবায়ন হবে।”
উপস্থিত জনতা যখন “কুমিল্লা বিভাগ চাই” স্লোগান তোলেন, তখন তিনি বলেন, সবার সহমত থাকলে এবং এটি জনগণের প্রকৃত দাবি হলে সরকার অবশ্যই তা পর্যায়ক্রমে পূরণ করবে। নির্বাচনের আগে দল যে পরিকল্পনা ও প্রতিশ্রুতি জনগণের সামনে উপস্থাপন করেছিল, সরকার গঠনের পর জনগণের দেওয়া ম্যান্ডেটের ভিত্তিতে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি কুমিল্লা অঞ্চলের সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।
“তিতাস নয়, কুমিল্লা নামেই বিভাগ চাই”—জাকারিয়া তাহের
একই পথসভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, সাবেক সরকারের আমলে কুমিল্লাকে বিভাগ করার সব প্রক্রিয়া হলেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লার নামে বিভাগ ঘোষণা করেননি, বরং ‘তিতাস’ নামে বিভাগ ঘোষণার উদ্যোগ নিয়েছিলেন। তাঁর ভাষায়, কুমিল্লার মানুষ সেই নাম ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিল, যার কারণে আজ পর্যন্ত কুমিল্লা বিভাগ বাস্তবায়িত হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, “আমরা কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ চাই।”

মন্ত্রী জাকারিয়া তাহের কুমিল্লার ঐতিহ্য তুলে ধরে বলেন, প্রাচীন ও ঐতিহ্যবাহী এই শহর থেকে বহু গুণী ও প্রভাবশালী ব্যক্তিত্ব উঠে এসেছেন, তবে সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে কুমিল্লার প্রাপ্য উন্নয়ন হয়নি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সুযোগ পেলে কুমিল্লা শহরকে একটি আধুনিক ও সুন্দর শহরে রূপান্তরের পাশাপাশি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে।
সভায় তিনি একটি সুখবরও দেন—ঢাকা থেকে সরাসরি কক্সবাজারগামী রেললাইনের সঙ্গে কুমিল্লা থেকেও সরাসরি রেল সংযোগের বিষয়ে তিনি কাজ করছেন বলে জানান। এ ছাড়া কুমিল্লা কৃষিনির্ভর একটি অঞ্চল হওয়ায় এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তিনি জানান, কুমিল্লা বিভাগ নিয়ে মরহুমা বেগম খালেদা জিয়ার যে প্রতিশ্রুতি ছিল, বর্তমান নেতৃত্বের মাধ্যমে তা বাস্তবায়িত হতে দেখতে চান তাঁরা।

২৯ আসনের মধ্যে ২৪ এমপির সম্মতি, প্রধানমন্ত্রীর কাছে জমা হচ্ছে সম্মতিপত্র:
কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠার দাবিকে আরও জোরালো ও কার্যকর করে তুলতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের ইতিমধ্যে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছেন। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী ও লক্ষ্মীপুর—এই পাঁচ জেলার মোট ২৯টি সংসদীয় আসনের মধ্যে ২৪ জন সংসদ সদস্যের সম্মতি ও স্বাক্ষর ইতিমধ্যে সংগ্রহ করেছেন তিনি।
জানা গেছে, মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের ব্যক্তিগত উদ্যোগে সংগৃহীত এই সম্মতিপত্র শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে। কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিকে রাজনৈতিকভাবে আরও শক্ত ভিত্তি দিতে এই সম্মতিপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘদিনের এই গণদাবি বাস্তবায়নে মন্ত্রীর এই উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন কুমিল্লাবাসী। তাঁদের প্রত্যাশা, সম্মিলিত রাজনৈতিক উদ্যোগ ও দীর্ঘদিনের জনআকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটিয়ে মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের এই কার্যকর ভূমিকার মধ্য দিয়ে অচিরেই কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথ সুগম হবে।

নাম নিয়ে মন্তব্যে বিতর্কে এমপি এ্যানি:
অন্যদিকে কুমিল্লা বিভাগ প্রসঙ্গে ভিন্ন একটি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সম্প্রতি কুমিল্লাকে বিভাগ ঘোষণার প্রসঙ্গে তাঁর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কুমিল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে মন্ত্রী এ্যানিকে কুমিল্লার আগে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানাতে দেখা যায়। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দীর্ঘদিনের দাবির বিষয়টি নতুন করে সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট, মন্তব্য ও ভিডিওতে অনেকেই তাঁর বক্তব্যের সমালোচনা করছেন।
কুমিল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলছেন, কুমিল্লাকে বিভাগ করার দাবি দীর্ঘদিনের। বৃহত্তর কুমিল্লার প্রশাসনিক, অর্থনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে এ দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহলে আলোচনা চলছে। অনেকে মত দিয়েছেন, কুমিল্লা বিভাগ নিয়ে কোনো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বিষয়টির ঐতিহাসিক প্রেক্ষাপট ও দীর্ঘদিনের জনদাবি বিবেচনায় নেওয়া প্রয়োজন।
তবে অন্যদিকে লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবির পক্ষে মত দিয়েছেন। তাঁদের বক্তব্য, নোয়াখালী অঞ্চলের প্রশাসনিক গুরুত্ব ও জনসংখ্যাগত বাস্তবতা বিবেচনায় নোয়াখালীকেও বিভাগ ঘোষণার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
মন্ত্রী এ্যানির বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হলেও এখন পর্যন্ত তাঁর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা কিংবা বক্তব্য প্রত্যাহার বা পরিবর্তনের তথ্য পাওয়া যায়নি। ফলে কুমিল্লা বিভাগ ইস্যুতে তাঁর মন্তব্যকে কেন্দ্র করে অনলাইন প্ল্যাটফর্মে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

সিদ্ধান্তের অপেক্ষায় সংশ্লিষ্টরা
কুমিল্লাকে দ্রুত বিভাগে রূপান্তরের দাবি সম্প্রতি বিভিন্ন মহল থেকে জোরালোভাবে সামনে এসেছে। এই দাবিকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি পালন করে আসছে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এখন প্রশ্ন উঠেছে, দীর্ঘদিনের কুমিল্লা বিভাগ দাবির বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নেয় এবং নোয়াখালীসহ বৃহত্তর অঞ্চলের বিভাগসংক্রান্ত দাবিগুলো কীভাবে মূল্যায়ন করা হয়। শেষ পর্যন্ত বিষয়টি কোন প্রশাসনিক কাঠামোয় রূপ নেয়, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *