ইরানের চলমান অর্থনৈতিক সংকট ও নিত্যপণ্যের দাম কমানোর অন্যতম প্রধান উপায় হিসেবে দেশে উৎপাদন বাড়ানো এবং ব্যবসা-বাণিজ্যে মার্কিন ডলারের ব্যবহার ধীরে ধীরে কমানোর পরামর্শ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
বার্ষিক ‘সরকারি সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিভিন্ন বাধা ও নিষেধাজ্ঞার মধ্যেও সাধারণ মানুষের প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন তিনি।
মোজতবা খামেনি বলেন, দেশের অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধানে নিজস্ব উৎপাদনের ওপর আরও বেশি নির্ভর করতে হবে। যেসব পণ্য দেশে পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত হয় না, কেবল সেগুলোই প্রয়োজন অনুযায়ী ও বিচক্ষণতার সঙ্গে আমদানি করা উচিত।
তিনি তরুণ ও মেধাবীদের নতুন প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের উন্নয়নকে আরও গতিশীল করার আহ্বান জানান।
দেশের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে মোজতবা খামেনি বলেন, এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয়, যা জনগণের মনোবল দুর্বল করে। ‘যুদ্ধ নাকি আলোচনা’—এ ধরনের অপ্রয়োজনীয় বিতর্কের মাধ্যমে সমাজে বিভেদ সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
শিক্ষক, চিকিৎসক এবং সন্তানদের মানুষ করার দায়িত্ব পালনকারী মায়েদেরও প্রশংসা করেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে যেকোনো ধরনের বিদেশি বাধা মোকাবিলা করা সম্ভব।