মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:
কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর ডাকাতি ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি জিসান (২৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুকসহ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল)-এর তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্র ও চকরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে গত ২৮ আগস্ট দুপুর ১টা ১০ মিনিটের দিকে পূর্ব বড়ভেওলা ইউনিয়নের বটতলী বাজারের দক্ষিণ কোনাখালী এলাকা থেকে জিসানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিসান চকরিয়া থানার ডাকাতি ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ। মামলাটি ১০ জুন ২০২৬ তারিখে দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর জিসানকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ২৯ আগস্ট রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে কোনাখালী ইউনিয়নের খাসপাড়া, দক্ষিণ কোনাখালী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাঁর দেখানো ও শনাক্ত করা স্থান থেকে নূর মোহাম্মদের টিনের বসতঘরের কাঠের সিলিংয়ের ওপর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি পুরোনো দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক, একটি সেলাই রেঞ্জ গ্রিল কাটার, একটি দামা ও একটি কিরিচ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিসান উদ্ধার হওয়া অস্ত্রগুলো ডাকাতির কাজে ব্যবহারের কথা স্বীকার করেছেন। উদ্ধার করা আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় চকরিয়া থানায় ২৯ আগস্ট ২০২৬ তারিখে অস্ত্র আইনের ১৯(এ) ধারায় একটি মামলা করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ৪৫ ও জিআর নম্বর ৩৬৯।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার জিসানকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও জননিরাপত্তা নিশ্চিত করতে চকরিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।