নকল-অনিয়মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় নকলসহ বিভিন্ন ধরনের অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২৮৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ২১৬ শিক্ষার্থীর সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল করা হয়েছে। অন্যদের পরীক্ষা বাতিলের পাশাপাশি এক থেকে সর্বোচ্চ চার বছর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের উত্তরপত্র, কৈফিয়তপত্রের জবাব এবং নকলের আলামত পর্যালোচনা করা হয়। অপরাধের ধরন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রেগুলেশন অনুযায়ী এসব শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় দেশের বিভিন্ন কলেজের পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরীক্ষক, পরিদর্শক ও প্রধান পরীক্ষকদের পাঠানো অভিযোগের ভিত্তিতে শিক্ষার্থীদের শনাক্ত করা হয়। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উত্তরপত্র ও অন্যান্য আলামত যাচাই-বাছাই করে বিষয়গুলো পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করা হয়।

পরীক্ষা শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২৮৮ শিক্ষার্থীর মধ্যে ২১৬ জনের শুধু সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল করা হয়েছে। ৫৫ জনের পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী এক বছর, ১৪ জনের পরবর্তী তিন বছর এবং তিনজনের পরবর্তী চার বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী, ‘ঘ’ ধারায় অভিযুক্ত ২০৮ শিক্ষার্থীর সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল করা হয়েছে। এ ছাড়া ‘গ’ ধারায় সাতজন এবং ‘ক’ ধারায় একজনের একই ধরনের শাস্তি হয়েছে।

‘ঙ’ ধারায় ১০ জন, ‘ছ’ ধারায় সাতজন, ‘ও’ ধারায় তিনজন, ‘ঝ’ ধারায় একজন এবং ‘২’ ধারায় একজন শিক্ষার্থীর সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী এক বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।

অন্যদিকে, ‘ঢ’ ধারায় ১৩ জন এবং ‘ড’ ধারায় একজন শিক্ষার্থীর সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল করে পরবর্তী তিন বছর পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ ছাড়া ‘ন’, ‘দ’ ও ‘থ’ ধারায় একজন করে মোট তিন শিক্ষার্থীর সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী চার বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।

অন্যদিকে, ৩৩ শিক্ষার্থীর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ধারা উল্লেখ না থাকলেও শাস্তির আদেশ দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২৯ জনের সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলের পাশাপাশি এক বছর পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। বাকি চারজনের শুধু সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানিয়েছে, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই শেষে পরীক্ষা শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *