আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দেশটিতে ২০২৮ সালের এপ্রিলে পরবর্তী নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এরদোয়ানের রাজনৈতিক উপদেষ্টা মেহমেত উকুম বেসরকারি টিভি চ্যানেল এনটিভিকে বলেন, ‘যদি ৩৬০ আইনপ্রণেতা নতুন নির্বাচনে সমর্থন জানান, তাহলে ২০২৮ সালের এপ্রিলে এ নির্বাচন হবে।’
তুরস্কের আইন অনুযায়ী, ওই বছরের মে মাসে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে দেশটির ৬০০ আইনপ্রণেতার মধ্যে ৩৬০ জন আগাম নির্বাচনের পক্ষে সমর্থন দিলে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন করা সম্ভব। আর আগাম নির্বাচন হলে এরদোয়ানের জন্য নতুন করে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ তৈরি হবে।
এরদোয়ানের একে পার্টি ও তাদের জোটসঙ্গী এমএইচপির পার্লামেন্টে ৩২৬টি আসন রয়েছে।
এরদোয়ানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এতদিন বলে আসছিল, নির্ধারিত সময়েই নির্বাচন হবে। তবে এখন তারা আগাম নির্বাচনের সম্ভাবনার কথা বলছে।
৭২ বছর বয়সী এরদোয়ান ২০০৩ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাধ্যমে প্রথমবার ক্ষমতায় আসেন। তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর ২০১৪ সালে তিনি প্রেসিডেন্ট হন।
এর আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় তুরস্কে প্রেসিডেন্ট শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। এরপর তিনি ২০১৮ ও ২০২৩ সালে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন। যদি আগাম নির্বাচন না হয়, তাহলে বর্তমান নিয়ম অনুযায়ী এরদোয়ান আর প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারবেন না।
২০২৩ সালে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনের সময় এরদোয়ান জানিয়েছিলেন, সেটিই হবে তাঁর প্রেসিডেন্ট হিসেবে শেষ মেয়াদ। ওই সময় তিনি জনগণের কাছে আরেকবার প্রেসিডেন্ট হওয়ার সুযোগ চেয়েছিলেন।