নিজস্ব প্রতিবেদক:
ভোলার বোরহানউদ্দিনে তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার ও বালুবাহী বাল্কহেডসহ সাতজনকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার বোরহানউদ্দিন উপজেলার হাঁসেরচরসংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, কোস্ট গার্ড দক্ষিণ (ভোলা) জোনের সদস্যরা হাঁসের চরসংলগ্ন তেঁতুলিয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার এবং বালু পরিবহনে ব্যবহৃত একটি বাল্কহেড জব্দ করা হয়। একই সঙ্গে ড্রেজার ও বাল্কহেডে থাকা সাতজনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটক ব্যক্তিদের ড্রেজার ও বাল্কহেডসহ বোরহানউদ্দিনের হাঁসের চর এলাকা থেকে ভোলা সদরের ভেদুরিয়া কোস্ট গার্ডের হেফাজতে নেওয়া হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা হিসেবে তাদের ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হবে।