আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি কুলিং টাওয়ারে ড্রোন আঘাত হেনেছে। তবে এতে কোনো আগুন লাগেনি এবং বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রমেও কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইএইএ জানায়, রুশ কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি রিঅ্যাক্টর ইউনিটের কুলিং টাওয়ারে একটি ড্রোন আঘাত হানে।
আইএইএ জানায়, ড্রোন হামলার সময় সংশ্লিষ্ট রিঅ্যাক্টর ইউনিটটি চালু ছিল। তবে হামলার পরও এর কার্যক্রমে কোনো পরিবর্তন আনা হয়নি। একই সঙ্গে কুলিং টাওয়ারে কোনো আগুনও লাগেনি।
কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত। এটি প্রায় ৪ লাখ ৪০ হাজার জনসংখ্যার কুরস্ক শহরের পশ্চিমে অবস্থিত।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশে সংঘর্ষের ঝুঁকি নিয়ে বারবার সতর্ক করে আসছে আইএইএ।
সংস্থাটি জানিয়েছে, পারমাণবিক স্থাপনায় যেকোনো ধরনের হামলা গ্রহণযোগ্য নয়। কারণ, এ ধরনের হামলা যেখানেই ঘটুক না কেন, তা পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি আবারও সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন, যাতে কোনো ধরনের পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি না হয়।