কাবাডির মাঠে কোতোয়ালি-কাউনিয়ার দাপট, পুরুষে চ্যাম্পিয়ন কোতোয়ালি—নারীতে চ্যাম্পিয়ন কাউনিয়া

স্টাফ রিপোর্টার, বরিশাল:

বরিশালে পুলিশ ও কমিউনিটির মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬। রূপাতলী বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে কোতোয়ালি থানা চ্যাম্পিয়ন এবং কাউনিয়া থানা রানার্সআপ হয়েছে। অন্যদিকে নারী বিভাগে কাউনিয়া থানা চ্যাম্পিয়ন এবং কোতোয়ালি থানা রানার্সআপ হয়েছে।

‘ক্রীড়ায় পেশা, পরিবার পাবে ভরসা; মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৯ সেপ্টেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্। নারী ও পুরুষ বিভাগ মিলিয়ে মোট আটটি দল নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রথম পর্বের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে উভয় বিভাগের ফাইনালে মুখোমুখি হয় কোতোয়ালি থানা ও কাউনিয়া থানা কাবাডি দল। নারী বিভাগের ফাইনালে কোতোয়ালি থানা নারী কাবাডি দলকে পরাজিত করে কাউনিয়া থানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফলে নারী বিভাগে কাউনিয়া চ্যাম্পিয়ন এবং কোতোয়ালি রানার্সআপ হয়।

দুর্দান্ত পারফরম্যান্সের জন্য কাউনিয়া থানার খেলোয়াড় ঝর্ণা নারী বিভাগের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন। পুরুষ বিভাগের ফাইনালেও মুখোমুখি হয় কোতোয়ালি ও কাউনিয়া থানা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কাউনিয়া থানাকে পরাজিত করে কোতোয়ালি থানা কাবাডি দল চ্যাম্পিয়ন হয়। ফলে পুরুষ বিভাগে কোতোয়ালি চ্যাম্পিয়ন এবং কাউনিয়া রানার্সআপ হয়েছে।

বিজয়ী দলের খেলোয়াড় ইমাম পুরুষ বিভাগের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন। ফাইনাল খেলা দেখতে রূপাতালী পুলিশ লাইন্স মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি দেখা যায়। খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণ ও দুর্দান্ত নৈপুণ্যে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন, জাতীয় খেলা কাবাডির প্রসারের পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পুলিশ ও কমিউনিটির মধ্যে আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি মাদকাসক্তি, কিশোর গ্যাং ও সাইবার অপরাধসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা রয়েছে।

টুর্নামেন্ট শেষে পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন কোতোয়ালি, রানার্সআপ কাউনিয়া এবং নারী বিভাগের চ্যাম্পিয়ন কাউনিয়া, রানার্সআপ কোতোয়ালি দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্। এ সময় আরও উপস্থিত ছিলেন আব্দুল হান্নান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) এবং সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)সহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *