আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টায় অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

কুমিল্লা প্রতিনিধি:

আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় বাধা দেওয়ায় স্কুলশিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আসামিদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

পুলিশ সুপার বলেন, অপ্রতিমকে আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে আইফোন নেওয়ার চেষ্টা করলে অপ্রতিম বাধা দেন। এ সময় তার সঙ্গে আসামিদের ধস্তাধস্তি হয়।

একপর্যায়ে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় উপর্যুপরি আঘাত করেন বলে পুলিশ সুপার জানান। এতে অপ্রতিমের মৃত্যু হলে তার আইফোন নিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় তুহিন, ফাহাদ, কামরুল ও সিয়ামসহ মোট চারজনকে আটক করা হয়েছে। আটক চারজনই হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

এদিকে রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “সব আলামত পাওয়া গেছে। তারা ঘটনা স্বীকার করেছেন। এখন পুলিশ অন্যান্য আইনানুগ কার্যক্রম বা ১৬৪ করানো যায় কি না, এগুলো নিয়ে কাজ করছে।”

অপ্রতিম হত্যার দ্রুত বিচারের বিষয়ে পুলিশ সহযোগিতা করবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিচার করবেন আদালত, আমরা সব সহযোগিতা করব।”

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন কোটবাড়ী এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম।

পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং জড়িতদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *