দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের নৌযানে চীনা কোস্ট গার্ডের ধাক্কা

অনলাইন ডেস্ক:

দক্ষিণ চীন সাগরে জ্বালানি সরবরাহের মিশনে থাকা ফিলিপাইনের একটি সরকারি নৌযানকে চীনের কোস্ট গার্ডের একটি জাহাজ ধাক্কা দিয়েছে বলে জানিয়েছে ফিলিপাইন কোস্ট গার্ড (পিসিজি)। এতে নৌযানটির রেলিং ও ডেকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হয়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের মৎস্য ও জলজ সম্পদ ব্যুরোর (বিএফএআর) ‘বিআরপি দাতু মাগাত সালামাত’ নামের নৌযানটি পালাওয়ান প্রদেশের উপকূল থেকে প্রায় ৫৪ নটিক্যাল মাইল দূরে ফিলিপিনো জেলেদের মধ্যে জ্বালানি বিতরণের জন্য যাচ্ছিল। এ সময় একটি চীনা কোস্ট গার্ড জাহাজ কয়েক দফা গতিপথ পরিবর্তন করে ফিলিপাইনের নৌযানটির সঙ্গে সংঘর্ষে জড়ায় বলে দাবি করেছে পিসিজি।

পিসিজি এক বিবৃতিতে ঘটনাটিকে ‘মানবিক ও জীবিকাসংক্রান্ত মিশনে থাকা বেসামরিক সরকারি নৌযানকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা’ বলে অভিযোগ করেছে। প্রকাশিত ভিডিওতে সংঘর্ষের আগে নাবিকদের ‘সংঘর্ষের জন্য প্রস্তুত হও’ বলে চিৎকার করতে শোনা যায়।

স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টা ১৩ মিনিটে এ সংঘর্ষ ঘটে বলে জানানো হয়েছে।

তবে চীনের কোস্ট গার্ড এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, সাবিনা শোলের কাছে আইন প্রয়োগের অভিযান চলাকালে ফিলিপাইনের নৌযানটি বারবার সতর্কতা উপেক্ষা করে হঠাৎ গতিপথ পরিবর্তন ও গতি বাড়িয়ে চীনা জাহাজটির সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় চীনা নৌযানটি পেশাদারভাবে দায়িত্ব পালন করেছে এবং সংঘর্ষের জন্য ফিলিপাইনই দায়ী বলে দাবি করেছে চীন।

ঘটনার নিন্দা জানিয়েছেন ফিলিপাইনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লি লিপটন। তিনি চীনা কোস্ট গার্ডের ‘ইচ্ছাকৃত ধাক্কার’ নিন্দা করেন।

এর জবাবে ফিলিপাইনে চীনা দূতাবাস মার্কিন দূতাবাসের অবস্থানের সমালোচনা করেছে। চীনা দূতাবাসের অভিযোগ, সাবিনা শোলের কাছে ফিলিপাইনের ‘লঙ্ঘন ও উসকানি’র প্রতি সমর্থন দেওয়া হচ্ছে।

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে চীন ও ফিলিপাইনের মধ্যে একাধিক উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটেছে।

জুলাইয়ে ফিলিপাইন অভিযোগ করেছিল, স্কারবরো শোলের কাছে তাদের একটি সরকারি নৌযান লক্ষ্য করে চীনা কোস্ট গার্ড জলকামান ব্যবহার করেছে। একই মাসে সেকেন্ড থমাস শোলের কাছে সংঘর্ষের সময় চীনা কোস্ট গার্ডের সদস্যরা ফিলিপাইনের এক নৌসেনাকে কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করেছেন বলেও অভিযোগ করেছিল ম্যানিলা।

দক্ষিণ চীন সাগরের বিভিন্ন বিতর্কিত জলসীমায় দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগ ও মুখোমুখি অবস্থানের মধ্যেই সর্বশেষ এ সংঘর্ষের ঘটনা ঘটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *