মেহেরপুরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে ১২ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জুয়েল হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে গাংনী উপজেলার গাঁড়াডোব এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুয়েল হোসেন গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের পশ্চিমপাড়ার হাশেম আলীর ছেলে। ভুক্তভোগী শিশুটিও একই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

মামলার এজাহার ও শিশুটির পরিবারের বরাত দিয়ে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর স্কুল বন্ধ থাকায় শিশুটি চৌগাছা এলাকার একটি পুকুরে মাছ ধরা দেখতে যায়। সেখানে জুয়েল হোসেন মাছ ধরছিলেন। এ সময় তিনি শিশুটিকে ডেকে পাশের আমবাগানে গেলে সেদিন ধরা সব মাছ তাকে দেওয়ার কথা বলেন।

অভিযোগ রয়েছে, সরল বিশ্বাসে শিশুটি তার সঙ্গে আমবাগানে যায়। পরে বেলা সাড়ে ১২টার দিকে আমবাগানের নির্জন স্থানে নিয়ে জুয়েল তাকে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করেন। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, ভয়ে শিশুটি প্রথমে কাউকে কিছু জানায়নি। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চান। একপর্যায়ে শিশুটি তাদের কাছে ঘটনার কথা জানায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে তাকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় শিশুটির বাবা গাংনী থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে জুয়েল হোসেনকে গ্রেপ্তার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে গাঁড়াডোব এলাকা থেকে জুয়েল হোসেনকে গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *