গাজী নজরুলের শাস্তির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজের সদস্যরা। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদরে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা জেসি কমপ্লেক্স চত্বর থেকে মিছিল বের করে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকায় জুতা পেটা ও অগ্নিসংযোগ করেন। এ সময় তারা তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি এবং মৃত্যুদণ্ডের দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে নুরনগর পাবলিক লাইব্রেরির আহ্বায়ক আবু ইউসুফ, ভুরুলিয়া সমবায় ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম মোড়ল, তরুণ সমাজসেবক রেজাউল ইসলাম, আজু মোল্লা ও মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা মাসুদুর রহমান বাবুসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ইসলামকে দায়ী করে তাঁকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তবে এসব অভিযোগের সত্যতা এখনো তদন্ত ও আইনি প্রক্রিয়ায় নির্ধারিত হয়নি।

প্রসঙ্গত, রোববার রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। পুলিশ গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে আটক করে।

এর আগে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের সম্পর্ক ও বিয়ের বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছিল। গাজী নজরুল ইসলাম ও মরিয়ম খাতুনের পক্ষ থেকে ওই সময় তাদের বিয়ের দাবি করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *