টাঙ্গাইল প্রতিনিধি:
দীর্ঘ প্রায় ১৩ বছর পর টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় একজনকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সানিয়াত খান বাপ্পা, মো. আজাদ ও মো. শাহজাহান মিয়া। আদালতের রায়ে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অপর চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ২০ ডিসেম্বর সকালে টাঙ্গাইল শহরের আকুরটাকুর এলাকার বটতলা বাজারে প্রাতঃভ্রমণে বের হলে রফিকুল ইসলাম ফারুকের ওপর হামলা হয়। হামলাকারীরা তাকে গুলি ও কুপিয়ে হত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় পরদিন ২১ ডিসেম্বর নিহত ফারুকের ছোট ভাই লাভলু মিয়া বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা করেন। মামলাটি টাঙ্গাইল মডেল থানার মামলা নম্বর ১৪ এবং জিআর মামলা নম্বর ৬৮৮/২০১৩ হিসেবে নথিভুক্ত হয়।
তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ আগস্ট আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তবে ওই অভিযোগপত্রের বিরুদ্ধে মামলার বাদী আদালতে নারাজি আবেদন করেন। পরে আদালতের নির্দেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটির পুনঃতদন্তের দায়িত্ব পায়। পুনঃতদন্ত শেষে ২০১৮ সালের ২৯ এপ্রিল সিআইডি আবারও আট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
পরবর্তীতে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে সোমবার মামলাটির রায় ঘোষণা করা হলো।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সাইদুর রহমান স্বপন। আসামিপক্ষে আইনজীবীরা মামলা পরিচালনা করেন।