সোনাইমুড়িতে স্বাস্থ্যসেবার নবারুণোদয়: বুধবার উদ্বোধন ‘এ কে এম আবু তাহের ২০ শয্যা হাসপাতাল’, ছয় মাসেই পূর্ণাঙ্গ সেবার প্রত্যয়: কল্লোল

মোঃআনজার শাহ :

কুমিল্লার বরুড়া উপজেলার সোনাইমুড়ির আকাশে জ্বলে উঠতে যাচ্ছে স্বাস্থ্যসেবার নতুন আলো। ব্যক্তিগত উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টার ফসল ‘এ কে এম আবু তাহের ২০ শয্যা হাসপাতাল’ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
প্রথমে বহির্বিভাগ (আউটডোর) দিয়ে যাত্রা শুরু হলেও আগামী ছয় মাসের মধ্যেই পূর্ণাঙ্গ ২০ শয্যার সেবা চালুর প্রত্যয় ব্যক্ত করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সরকারি একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন কল্লোল।
পথচলার শুরু, গন্তব্য পূর্ণাঙ্গ সেবা
একান্ত সচিব জানান, শুরুতে জনবল ও সরঞ্জামের কিছু সীমাবদ্ধতা থাকলেও সেই বাধা পেরিয়েই বহির্বিভাগের কার্যক্রম শুরু হচ্ছে। এরপর ধাপে ধাপে পূর্ণাঙ্গ ২০ শয্যার সেবা নিশ্চিত করা হবে।
মোয়াজ্জেম হোসেন কল্লোল বলেন, “মন্ত্রী মহোদয় এই হাসপাতালটিকে পুরোপুরি চালু করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ এবং অত্যন্ত আন্তরিক। আমাদের এত সময় লাগবে না; অতি দ্রুতই আমরা এটি পূর্ণরূপে কার্যকর করতে পারব।”
বরুড়া উপজেলাসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “আমরা আশাবাদী, ছয় মাসের মধ্যে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে। মাননীয় মন্ত্রী মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় খুব দ্রুত বাকি কাজগুলো সম্পন্ন করা যাবে।”
জনপদের স্বপ্ন, শ্রদ্ধার্ঘ্য
স্থানীয়রা জানান, এই হাসপাতালের ভিত গড়ার পেছনে রয়েছে মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের বাবা ও বরুড়ার সাবেক সংসদ সদস্য এ কে এম আবু তাহেরের অক্লান্ত সাধনা। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এলাকাবাসী বলেন, “আমরা আশাবাদী, জনবল ও সম্পদের সংকট কাটিয়ে দ্রুততার সঙ্গে হাসপাতালটি পূর্ণাঙ্গ রূপে চালু হবে।”
দুর্গম জনপদের দোরগোড়ায় চিকিৎসার আশ্বাস
প্রত্যন্ত গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার স্বপ্ন নিয়েই সোনাইমুড়িতে গড়ে উঠেছে এই হাসপাতাল। মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপির ব্যক্তিগত উদ্যোগে নির্মিত এই প্রতিষ্ঠান জনপদের স্বাস্থ্যসেবার মানচিত্রে যুক্ত করবে এক নতুন অধ্যায়।
আয়োজকরা এলাকাবাসীকে হাসপাতালটির সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসা-দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমবে এবং স্বাস্থ্যসেবার মানও আরও উন্নত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *