ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় ধানমন্ডি এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় একটি ব্যানার উদ্ধার করা হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ধানমন্ডি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণের পর পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্য সচিব তারেকুজ্জামানের নেতৃত্বে সাত মসজিদ রোড থেকে মিছিলটি শুরু হয়। পরে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল হয়ে বাটা শোরুমের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *