মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, ‘ক্ষমতার গরমের আঁচ’ পড়েছে: জামায়াত আমির

জাতীয় ডেস্ক:

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর মন্তব্য, ‘এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর।’

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, মধ্যরাতে রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে লুটপাটের পর স্থাপনাটি গুঁড়িয়ে দেয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও লেখেন, রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে দিয়ে সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ঘটনার পেছনে কারা রয়েছে, তা অস্পষ্ট নয় বলে মন্তব্য করেন জামায়াত আমির। তাঁর অভিযোগ, জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগটি নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করছে, অন্যদিকে এ ধরনের ঘটনা ঘটছে। এ পরিস্থিতি আর কত দিন চলবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

তিনি ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান। তা না হলে একসময় জনগণের হাতেই তাদের শাস্তি পেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *