দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় করেন ডিসি মো. রায়হান কবির

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের সঙ্গে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক সুশীল সমাজের নেতৃবৃন্দের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও পরামর্শ লিপিবদ্ধ করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির আড়াইহাজার উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ভূমিসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসারকে সর্বোচ্চ নির্দেশনা প্রদান করেন। সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আড়াইহাজার একটি সম্ভাবনাময় উপজেলা। এখানে প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা নিশ্চিতকরণ এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের কল্যাণই আমাদের মূল লক্ষ্য। মতবিনিময় সভা শেষে আড়াইহাজার উপজেলার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণ করেন জেলা প্রশাসক। পরে তিনি উপজেলা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উপজেলার বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *