কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে রোকন আহমেদ জয় (২৬) নামে এক সিঙ্গাপুরপ্রবাসীর হাত-পা ও মুখ বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রোকন আহমেদ জয় ওই এলাকার মো. সাত্তার মিয়ার ছেলে। স্বজন ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, জীবিকার প্রয়োজনে প্রায় দুই বছর সিঙ্গাপুরে ছিলেন তিনি। প্রায় এক মাস আগে ছুটিতে দেশে ফেরেন রোকন।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের অভিযোগ, সোমবার দিবাগত রাতে রোকনকে ঘর থেকে ডেকে বাইরে নেওয়া হয়। পরে তার হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয় এবং মরদেহ বাড়ির উঠানের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির উঠানে একটি গাছের সঙ্গে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রোকনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ভৈরব থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।