লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে কিশোর গ্যাং ও অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযানে তিন দিনে ৫৪৭ জনকে আটক করা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে জেলার বিভিন্ন থানায় একযোগে অভিযান চালিয়ে ৯৯ জনকে আটক করে জেলা পুলিশ।
জেলা পুলিশ জানায়, সর্বশেষ অভিযানে সদর থানায় ২৯ জন, চন্দ্রগঞ্জ থানায় ৫ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২২ জন, কমলনগরে ১০ জন এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৯ জনকে আটক করে। আটক ৯৯ জনের মধ্যে ৮৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর ১৩ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে অভিযানে ১৮৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৫৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ২৫ জনকে বিভিন্ন মামলায় আদালতে পাঠানো হয়।
এ ছাড়া রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে পরিচালিত অভিযানে ২৬৬ জনকে আটক করা হয়। এর মধ্যে ২১৫ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ৫১ জনকে বিভিন্ন মামলায় আদালতে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, কিশোর গ্যাং ও অপরাধ দমনে জেলার ছয়টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একই সঙ্গে সন্তানদের বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।