আন্তর্জাতিক ডেস্ক:
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি চ্যাটজিপিটিকে বারবার ‘স্যার’ বলে সম্বোধন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন ভারতের হায়দ্রাবাদের ৭৭ বছর বয়সী ভিবিআর প্রসাদ। বিমানে ভ্রমণের সময় চ্যাটজিপিটির সহায়তায় নিজের নতুন ব্যবসার পরিকল্পনা সাজানোর একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
সম্প্রতি এক বিমানযাত্রায় পাশের আসনে থাকা এক যাত্রী লক্ষ্য করেন, ভিবিআর প্রসাদ গভীর মনোযোগ দিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন করছেন। এ সময় তিনি ‘ভার্টিক্যাল ফার্মিং’ নিয়ে একটি ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করছিলেন। চ্যাটজিপিটির দেওয়া বিভিন্ন পরামর্শের জবাবে প্রসাদ বারবার তাকে সম্মান জানিয়ে ‘স্যার’ বলে সম্বোধন করছিলেন।
চ্যাটজিপিটিকে পাঠানো প্রসাদের একটি বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর সেটি দ্রুত ভাইরাল হয়ে যায়। সেখানে তিনি লিখেছিলেন, ‘চমৎকার দিকনির্দেশনার জন্য ধন্যবাদ, স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আবার আপনার কাছে ফিরে আসব, স্যার। আমাকে ফাইল দুটো ডাউনলোড করতে দিন, স্যার।’
‘টেকনোসোর’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে বিমানে প্রসাদের একটি ছবি ও তার চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের বিষয়টি প্রকাশ করা হয়। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। পোস্টদাতার ভাষ্য অনুযায়ী, পুরো যাত্রাপথে প্রসাদ অত্যন্ত মনোযোগ দিয়ে কাজ করছিলেন এবং পরে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়।
৭৭ বছর বয়সেও নতুন প্রযুক্তির প্রতি প্রসাদের আগ্রহ এবং সহজভাবে তা ব্যবহারের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকে বিষয়টি নিয়ে মজার মন্তব্যও করেছেন। কেউ কেউ রসিকতা করে বলেছেন, ভবিষ্যতে এআই পৃথিবী নিয়ন্ত্রণ করলেও প্রসাদের ভদ্র ও বিনয়ী আচরণের কারণে তিনি হয়তো নিরাপদ থাকবেন।
ভাইরাল হওয়ার পর ঘটনাটি নিয়ে নিজেও প্রতিক্রিয়া জানিয়েছেন ভিবিআর প্রসাদ। এক্সে দেওয়া এক পোস্টে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কল্যাণে এআই প্রযুক্তিকে কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব।