মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের হুক ছিঁড়ে পেছনের ছয়টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের (৭২০) মাঝামাঝি অংশে হুক ছিঁড়ে পেছনের ছয়টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে ইঞ্জিনসহ সামনের ছয়টি বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে যায়। অন্যদিকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছয়টি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেললাইনের ওপর পড়ে থাকে।
শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত ওই ছয়টি বগি উদ্ধার করা সম্ভব হয়নি। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন। তিনি জানান, লাউয়াছড়া বনে পড়ে থাকা ছয়টি বগি উদ্ধারের জন্য বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে কিছু সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।