বিনোদন ডেস্ক:

বক্স অফিসে সাফল্য না পেলেও অস্কারের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মারাঠি সিনেমা ‘গোনধল’। রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ কিংবা ‘বর্ডার ২’-এর মতো আলোচিত ও ব্যবসাসফল সিনেমাকে পেছনে ফেলে ৯৯তম অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে ভারতের হয়ে লড়বে সিনেমাটি।

ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার (এফএফআই) ১৪ সদস্যের জুরি বোর্ড দেশটির আলোচিত ৩৩টি সিনেমার মধ্য থেকে ‘গোনধল’কে নির্বাচিত করেছে। ফলে বক্স অফিসে তুলনামূলকভাবে কম আয় করা সিনেমাটি কীভাবে অস্কারের জন্য নির্বাচিত হলো, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

মাত্র ৫ কোটি রুপি বাজেটে নির্মিত ‘গোনধল’ মুক্তি পায় গত বছরের নভেম্বরে। সিনেমাটি বক্স অফিসে আয় করে প্রায় ৯০ লাখ রুপি। অর্থাৎ ব্যবসায়িক সাফল্য পায়নি সিনেমাটি। এর গল্প লেখা ও পরিচালনা করেছেন সন্তোষ দেবাকর।

অস্কারে ভারতের প্রতিনিধিত্বের জন্য নির্বাচিত হওয়ার পর ‘ফোর্বস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সন্তোষ দেবাকর বলেন, ভারত বৈচিত্র্যময় একটি দেশ। সাংস্কৃতিকভাবে সেই বৈচিত্র্যকে তুলে ধরার লক্ষ্যেই তিনি সিনেমাটি নির্মাণ করেছেন। অস্কারের মঞ্চে ‘গোনধল’ ভারতের প্রতিনিধিত্ব করবে—এ নিয়ে আশাবাদী তিনি।

তবে বক্স অফিসের হিসাব অস্কার নির্বাচনের ক্ষেত্রে প্রধান বিবেচনা ছিল না বলে জানিয়েছেন জুরি বোর্ডের অন্যতম সদস্য বিবেক ভাসওয়ানি। তার ভাষ্য অনুযায়ী, অস্কারের মতো আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতার জন্য নান্দনিকতা ও মৌলিক গল্প বলার সক্ষমতা গুরুত্বপূর্ণ। শুধু বাণিজ্যিক সাফল্য কিংবা তারকাখ্যাতির ভিত্তিতে সিনেমা নির্বাচন করা হয়নি।

ভাসওয়ানি জানান, ১৪ সদস্যের জুরি বোর্ডে ‘ধুরন্ধর’-এর পক্ষে ভোট পড়েছিল মাত্র চারটি। অন্যদিকে অস্কারে নির্বাচিত হওয়ার আগেই ‘গোনধল’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার অর্জন করেছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের ‘সিলভার পিকক’ এবং ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফিপ্রেসকি’ পুরস্কার পেয়েছে সিনেমাটি।

জুরি বোর্ডের মতে, ভারতীয় সংস্কৃতির নিজস্ব রূপ এবং আন্তর্জাতিক মানের গল্প বলার ধরন ‘গোনধল’কে অস্কারের দৌড়ে এগিয়ে দিয়েছে।

সিনেমাটির বিশেষত্ব এর গল্পের পটভূমিতেও। গ্রামীণ মহারাষ্ট্রে দীর্ঘদিন ধরে চলে আসা ঐতিহ্যবাহী রাতভর লোকজ আচার ‘গোনধল’-কে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। ১১৭ মিনিটের এই সিনেমায় দেব-বন্দনা, নৃত্য ও সংগীতের আবহে ভালোবাসা, ছলনা ও বেঁচে থাকার লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে।

‘গোনধল’ অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করা চতুর্থ মারাঠি সিনেমা। অস্কারযাত্রার আগে আগামী ৯ অক্টোবর থেকে মুম্বাই, দিল্লি, চেন্নাইসহ ভারতের বিভিন্ন প্রধান শহরে সিনেমাটির বিশেষ প্রদর্শনী শুরু হওয়ার কথা রয়েছে।

২০২৭ সালের অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে আগামী ১৪ মার্চ। চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে ২১ জানুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *