দু-একটি ঘটনায় পুরো আলেম সমাজকে দায়ী করা ঠিক নয়: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক:

দু-একটি অঘটনের কারণে পুরো আলেম সমাজ ও মাদরাসা শিক্ষাব্যবস্থাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিসিন সম্মেলনটির আয়োজন করে।

শফিকুর রহমান বলেন, দেশে কওমি ও আলিয়া—দুই ধরনের মাদরাসা রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ত্রুটি থাকলে সেটিকে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করে দেখার সুযোগ নেই। তার মতে, মাদরাসা শিক্ষার মূল ভিত্তি যেহেতু ইসলাম, তাই এ ব্যবস্থায় স্বচ্ছতা ও সতর্কতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয় ইসলামের নামে পরিচালিত হয় না। মাদরাসার মূল ধারণা ইসলামের সঙ্গে সম্পর্কিত হওয়ায় এখানকার শিক্ষাব্যবস্থাকে আরও সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে।

আলেমদের সতর্ক করে জামায়াত আমির বলেন, দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। একইভাবে মাদরাসা শিক্ষাব্যবস্থাকেও প্রশ্নের মুখে ফেলা হয়। তিনি এ ক্ষেত্রে আলেমদের আরও সতর্ক থাকার আহ্বান জানান।

মাদরাসা শিক্ষার আদর্শ প্রসঙ্গে তিনি বলেন, তাদের তুলনা হওয়া উচিত মদিনার মসজিদে নববীর মাদরাসার সঙ্গে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সেই মাদরাসার শিক্ষক এবং সাহাবায়ে কেরাম ছিলেন শিক্ষার্থী।

সম্মেলনে আলেম সমাজ ও মাদরাসা শিক্ষাব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *