ডেঙ্গু প্রতিরোধে কক্সবাজারে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

মোহাম্মদ হোসেন সুমন:

ডেঙ্গু প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং কক্সবাজার শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সরকারি নির্দেশনার আলোকে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসকের নেতৃত্বে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। অভিযানে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা অপসারণ, নালা-নর্দমা পরিষ্কার এবং এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে তা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এদিকে, একই দিনে BCRSR প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের ইজিপিপি প্লাস (EGPP+) কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলায় বৃক্ষরোপণ অভিযানও পরিচালিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল উপস্থিত ছিলেন। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সবুজায়নে বৃক্ষরোপণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এ জন্য নাগরিকদেরও নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণের মতো কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো গেলে কক্সবাজারকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত শহর হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *