রাজশাহী ব্যুরো:
দিল্লির শাসন কিংবা ভয় দেখিয়ে বাংলাদেশকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, বাংলাদেশ আল্লাহর জমিন। দিল্লির ইশারায় যারা কাজ করছে, তারা শয়তানের দোসর। যাদের হেডকোয়ার্টার দিল্লিতে, তাদের দিল্লিতেই চলে যাওয়ার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে বিগত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বশীলদের সমালোচনা করে ভূমিমন্ত্রী অভিযোগ করেন, তারা ফ্যাসিস্ট সরকারের কাছে আত্মসমর্পণ করে গোপনে তাদের সুপ্রতিষ্ঠিত করেছে এবং দেশের ভেতর থেকেই ক্ষতি করেছে। ১৯৯৬ সালের ষড়যন্ত্রের মতো আগামী ডিসেম্বরেও একই ধরনের চক্রান্তের পরিকল্পনা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মওদুদী প্রসঙ্গেও বক্তব্য দেন ভূমিমন্ত্রী। তিনি মওদুদীকে ব্রিটিশদের তৈরি এবং ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করেন। মুসলমানদের বিভক্ত করার জন্যই তাকে তৈরি করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
আগামী নির্বাচন প্রসঙ্গে মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীতে মেয়র নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় নেতাকর্মীদের হাইকমান্ডের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
আলেম-ওলামাদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ভূমিমন্ত্রী বলেন, ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা বসে আছেন, তাদের সরিয়ে আগামীতে ঈদগাহ, বড় মসজিদ ও ধর্মীয় অনুদানের দায়িত্ব আলেম-ওলামাদের হাতে তুলে দেওয়া হবে।
তিনি আরও বলেন, জেলা পরিষদ, সিটি করপোরেশন এবং মন্ত্রী-এমপিরা জনগণের যেকোনো কঠিন সময়ে পাশে থাকবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিরাপদ, স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য শফিকুল হক মিলন ও অধ্যাপক নজরুল ইসলাম। এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা তাজউদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।