রিয়াদে আরামকো স্থাপনার কাছে আগুন, হামলার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনার কাছে হঠাৎ আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। শনিবার (৩ অক্টোবর) স্থানীয় সময় এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বা আরামকো কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাতের মধ্যে রিয়াদের আরামকো স্থাপনার কাছে এ ধরনের আগুনের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর আগে হুথিরা সৌদি আরবের বিভিন্ন শহর ও জ্বালানি স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে।

তবে শনিবারের আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার করেনি। ফলে এটি হামলার ফল কি না, নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে—তা স্পষ্ট নয়।

এর আগে গত সপ্তাহে হুথি বিদ্রোহীরা ইয়ানবুতে আরামকোর একটি স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছিল। তবে সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছিল, হুথিদের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে আরামকোর স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করেছিল সৌদি কর্তৃপক্ষ।

রিয়াদের সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *