মেডিকেয়ারের ২ কোটি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেয়ারে অন্তর্ভুক্ত ২ কোটির বেশি প্রবীণ নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেডিকেয়ারের মাসিক চিকিৎসা বিমার প্রিমিয়ামের ব্যয় কিছুটা কমাতেই এ অর্থ দেওয়া হবে।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড থেকে এ অর্থ দেওয়া হবে। মেডিকেয়ারের ‘ফি-ফর-সার্ভিস’ কর্মসূচির উন্নয়নে কংগ্রেস ওই তহবিলে ২ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে বলেও জানান তিনি।

হোয়াইট হাউস জানিয়েছে, যোগ্য অধিকাংশ প্রবীণ নাগরিক অক্টোবরের শুরুতেই সরাসরি তাদের ব্যাংক হিসাবে ৯০ ডলার পাবেন। যাদের ব্যাংক হিসাবে সরাসরি অর্থ পাঠানোর ব্যবস্থা নেই, তাদের মেডিকেয়ারে নিবন্ধিত ঠিকানায় চেক পাঠানো হবে।

আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের এ ঘোষণা সামনে এলো। ওই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছে রিপাবলিকান পার্টি। বর্তমানে সিনেট ও প্রতিনিধি পরিষদ—দুই কক্ষেই দলটির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, যদিও ব্যবধান খুবই কম।

যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষের ওপর চাপ বেড়েছে। এমন পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে ভোটারদের জন্য বিভিন্ন আর্থিক সুবিধার ঘোষণা ও প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।

গত মাসে ট্রাম্প বলেছিলেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে সব প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলারের চেক দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তবে এ প্রস্তাব নিয়ে অর্থনীতিবিদ, বিশ্লেষক এবং রিপাবলিকান দলের কয়েকজন আইনপ্রণেতাও সংশয় প্রকাশ করেছেন।

এর আগে ট্রাম্প প্রশাসন প্রায় ১০ লাখ মার্কিন নাগরিককে ৫০০ ডলার করে দেওয়ার আরেকটি উদ্যোগ নেয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় স্বাস্থ্যবিমা কেনা ব্যক্তিদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হয়েছিল। ওই অর্থ ফেরত দেওয়ার অংশ হিসেবেই ৫০০ ডলারের অর্থ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *