বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তির দাবিতে প্রশাসনের সব ধরনের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে ক্যাম্পাসের তিন সাংবাদিক সংগঠন।
সোমবার (৫ অক্টোবর) রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবনে সাংবাদিক সংগঠনগুলোর নেতাদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সভাপতি মীর কাদির বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা অজ্ঞাতনামা মামলায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রকৃত জড়িতদের নাম মামলায় অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, দাবিগুলো বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিন দিনের সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ধরনের কর্মসূচি, অনুষ্ঠান বা প্রশাসনিক কার্যক্রম সাংবাদিকরা কাভার করবেন না।
এর আগে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের নাম উল্লেখ করে মামলা, গ্রেপ্তার এবং একাডেমিক বহিষ্কারের দাবিতে সন্ধ্যা থেকে প্রশাসনিক ভবন ঘেরাও করেন সাংবাদিক সংগঠনগুলোর নেতাকর্মী ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে উপাচার্য ও উপ-উপাচার্যরা প্রশাসনিক ভবনে গিয়ে বৈঠকে বসেন। একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দেন।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রকৃত জড়িতদের শনাক্ত, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা এবং ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রশাসনের সংবাদ বর্জনের এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সাংবাদিক সংগঠনের নেতারা।