হোসেনপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়াকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার জিনারী ইউনিয়নের হাজীপুর বাজারে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় হাজীপুর বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে ব্যবসায়ী ও ক্রেতারা দোকানপাট ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুছ এবং মো. আজহারের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রোববার দুপুরে আধিপত্য বিস্তার নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

খবর পেয়ে হোসেনপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *