নতুন সামাজিক সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শরিফুল রাজ

বিনোদন ডেস্ক:

নতুন সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। নির্মাতা সৈয়দ শাকিলের পরিচালনায় নির্মিতব্য এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। তবে সিনেমার নাম ও অন্যান্য অভিনয়শিল্পীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে শরিফুল রাজের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন নির্মাতা সৈয়দ শাকিল। চুক্তি স্বাক্ষরের ছবি প্রকাশের মাধ্যমে নতুন সিনেমার ঘোষণা দেন তিনি। আগামী সপ্তাহে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সিনেমাটির নাম ও অন্যান্য বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।

এর আগে ‘ছায়াবাজি’ ও ‘ইউএনও স্যার’ নামে দুটি ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন সৈয়দ শাকিল। এবারই প্রথম বড় পর্দার জন্য পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি।

নতুন সিনেমার গল্প প্রসঙ্গে শাকিল জানান, পরিবারের সবাই একসঙ্গে বসে উপভোগ করতে পারবেন—এমন একটি আবেগঘন সামাজিক গল্প নিয়ে কাজ করতে চান তিনি। তাঁর ভাষ্য, একসময় দেশের দর্শকেরা পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে সামাজিক সিনেমা দেখতেন। সেই ধারার একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে তাঁর, যা দর্শকদের আবেগ ছুঁয়ে যাবে।

রিভেঞ্জ ফিল্মস লিমিটেডের ব্যানারে নির্মিতব্য সিনেমাটি প্রযোজনা করছেন সোহানা সাদী, স্নিগ্ধা সাদী ও সারহান শাহরিয়ার সাদী সীমান্ত। নির্মাতা জানিয়েছেন, আগামী ডিসেম্বর অথবা নতুন বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে কোরবানির ঈদে এটি মুক্তি পেতে পারে।

এদিকে আসন্ন কোরবানির ঈদে শরিফুল রাজ অভিনীত আরও একটি সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে। আয়মান হাসিব স্বাধীন ও সুস্ময় সরকারের যৌথ পরিচালনায় নির্মিত সিনেমাটির নাম ‘কালাভুনা প্যারাডক্স’। মোহাইমিনুল ইসলাম বাপ্পীর লেখা একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এ সিনেমায় রাজের সঙ্গে অভিনয় করছেন সাবিলা নূর।

‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করা শরিফুল রাজ এ বছর তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। নতুন সিনেমাসহ হাতে থাকা অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *