৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মিনিট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উঠেছে সাতকানিয়া থানার তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় এক উপপরিদর্শকসহ (এসআই) তিনজনকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন সাতকানিয়া থানার এসআই এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী। তিনি জানান, প্রশাসনিক কারণে ওই তিন পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

অভিযোগের বিবরণ অনুযায়ী, গত শনিবার রাতে কক্সবাজারের চকরিয়া থেকে একটি মিনিট্রাকে করে ৩০ হাজার ইয়াবা চট্টগ্রামের দিকে নেওয়া হচ্ছিল। পথে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের একটি নির্জন সড়কে মোটরসাইকেল দিয়ে ট্রাকটির গতিরোধ করা হয়।

ট্রাকচালক নাছিরের অভিযোগ, তাঁকে হাতকড়া পরিয়ে জিম্মি করা হয় এবং ট্রাকটি সাতকানিয়ার কেরানীহাট এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশের দুই কথিত সোর্স রবিন ও মোমিনের সহযোগিতায় ট্রাকের চালকের আসনের কাছ থেকে ৩০ হাজার ইয়াবা নিয়ে যাওয়া হয় বলে তিনি দাবি করেন।

ঘটনার প্রমাণ মুছে ফেলার উদ্দেশ্যে ট্রাকের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করা এবং মেমোরি কার্ড ফরম্যাট করে দেওয়ার অভিযোগও করেছেন চালক নাছির।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তিন পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *