মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকৃত ২ লাখ টাকার বেশি মূল্যের মালামাল ও দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-এর দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক, অস্ত্র উদ্ধার এবং ডাকাত ও ছিনতাইকারী গ্রেফতারে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবি পরিদর্শক মো. নজরুল ইসলামের নির্দেশে এসআই মফিজুল ইসলাম, পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস দল মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ২ লাখ ৪ হাজার ২৪০ টাকা মূল্যের ছিনতাইকৃত মালামাল ও দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সিদ্ধিরগঞ্জের নিমাই কাশারী (মৌচাক লতা স্টোর) এলাকার আ. লতিফের ছেলে রিপন (৩৪), কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার জগতচর এলাকার মৃত দৌলত মিয়ার ছেলে এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার বাসিন্দা মো. রাব্বি (৩০), সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকার ভাসমান বাসিন্দা মৃত রতন চন্দ্র দাসের ছেলে হৃদয় চন্দ্র দাস (৩০) এবং মিজমিজি মৌচাক স্ট্যান্ড এলাকার মোবারক হোসেনের ছেলে মাসুম (২৯)।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত দুটি ইসিজি মনিটর, লিফটের যন্ত্রপাতি, যার আনুমানিক মূল্য ২ লাখ ৪ হাজার ২৪০ টাকা, একটি বার্মিজ চাকু এবং একটি ছোরা উদ্ধার করা হয়।
মামলার বাদী এসআই মফিজুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা মহাসড়কের একটি কুখ্যাত ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।